জিবুতি উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৯

International

পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে ৩০০ জনেরও বেশি অভিবাসীবাহী একটি নৌকা ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে তীরের কাছাকাছি এসেই নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম জানায়, গত ৮ অক্টোবর সন্ধ্যায় ৩০৫ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল। রওনা হওয়ার কিছুক্ষণ পরেই তীরের কাছে এটি দুর্ঘটনার শিকার হয়। সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত ১৩৯টি মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে। দুর্ঘটনায় আরো ৮৪ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্ডার কোইসাক জানান, একসঙ্গে বহু মরদেহ তীরে ভেসে আসায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় অনেককে নামহীনভাবে গণকবরে দাফন করতে হচ্ছে।

আফ্রিকার শিং অঞ্চল (হর্ন অফ আফ্রিকা) থেকে ইয়েমেন হয়ে মধ্যপ্রাচ্যের ধনী উপসাগরীয় দেশগুলোতে কাজের সন্ধানে যাওয়া অভিবাসীদের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় ও বিপজ্জনক একটি পথ। জাতিসংঘের তথ্যমতে, গত বছরও এই অভিবাসন রুটে ৯০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।

আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ এই প্রাণহানিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে বলেছেন, নিরাপদ ও বৈধ অভিবাসন পথ না থাকায় মানুষ জীবন ঝুঁকিতে ফেলে এভাবে সাগরে ভাসছে। পরবর্তী দুর্ঘটনা ঘটার আগেই অভিবাসীদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *